
বাফেলো (নিউইয়র্ক) প্রতিনিধি:উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আগামী ১ আগস্ট ২০২৬ (শনিবার) অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া সমিতি, বাফেলো (নিউইয়র্ক)-এর বাৎসরিক পিকনিক সফল করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাফেলোর ২ সানফোর্ড স্ট্রিটে আয়োজিত এ সভায় সমিতির নেতৃবৃন্দ পিকনিককে সুশৃঙ্খল, আকর্ষণীয় ও স্মরণীয় করে তুলতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।
সভায় প্রবাসে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর সবচেয়ে বড় মিলনমেলাকে আরও প্রাণবন্ত করে তুলতে নানা কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পিকনিকের বিভিন্ন আয়োজন, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পর্ব, শিশু-কিশোরদের অংশগ্রহণ, আপ্যায়ন এবং সার্বিক ব্যবস্থাপনার খসড়া রূপরেখাও চূড়ান্ত করা হয়।
সমিতির সভাপতি এ কে এম আবু হানিফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা মনু আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো. বাতেন সরকার, সহ-সভাপতি মো. আজাদ, সাধারণ সম্পাদক লিয়াকত তারিফ এবং সাধারণ সম্পাদক-১ নিজাম উদ্দিন।
সাংগঠনিক সম্পাদক-১ রিপন হক ও সাংগঠনিক সম্পাদক-২ পাপেল আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক বুলবুল আহমেদ, অর্থ সম্পাদক লুৎফুর রহমান, ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম, ক্রীড়া সম্পাদক-১ কাউসার আহমেদ, ক্রীড়া সম্পাদক-২ কামরুজ্জামান কাউছার এবং আপ্যায়ন সম্পাদক মো. ছফু।
এছাড়া বাংলাদেশ থেকে আগত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “তরী বাংলাদেশ”-এর আহ্বায়ক সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া শহরের মসজিদ রোডস্থ মৌসুমী অফসেট প্রেস-এর ব্যবস্থাপনা পরিচালক মো. খাইরুজ্জামান ইমরান। উপস্থিত ছিলেন বাফেলো প্রবাসী মাহমুদুল হাসান।
সভায় বক্তারা বলেন, প্রবাসের কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে এই বাৎসরিক পিকনিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে এটি প্রবাসে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
