সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসির জন্য কেক রেখে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে নানা আলোচনা তৈরি হলেও ঘটনাটির বাস্তব কোনো ভিত্তি নেই বলে দাবি করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের টিএ রোডের ফকিরাপুল এলাকায় একটি কেক রেখে যাওয়ার দৃশ্য ধারণ করে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে অজ্ঞাত এক ব্যক্তিকে বলতে শোনা যায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে সদর মডেল থানার ওসির জন্য কেকটি পাঠানো হয়েছে।
ভিডিওতে পুলিশ প্রশাসনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা, জুলাই আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের হত্যার বিচার এবং শেখ হাসিনার দেশে ফেরার বিষয়েও বক্তব্য দিতে শোনা যায়। একই সঙ্গে সদর মডেল থানার ওসিকে সহকর্মী, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কেকটি ভাগাভাগি করে খাওয়ার অনুরোধ জানানো হয়।
কেকটির ওপর ‘শুভ জন্মদিন শেখ হাসিনা’ এবং ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার ওসির জন্য’ লেখা ছিল। এতে জাতীয় পতাকার ছবিও আঁকা দেখা যায়।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া শহরে কোনো অস্তিত্ব বা ভিত্তি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করার উদ্দেশ্যেই এ ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
তবে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, কেক রেখে যাওয়ার ঘটনার বাস্তবে কোনো ভিত্তি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।