সরাইল প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সকাল বাজারে ঘটেছে এক হৃদয়বিদারক মানবিক ঘটনা। ৭ মে বৃহস্পতিবার সকাল প্রায় ১০টার দিকে সরাইল বিন্না বাজারের একটি চায়ের দোকানে এক মানসিক ভারসাম্যহীন নারী সন্তান প্রসব করেন। স্থানীয়দের কাছে তিনি “লাফি” নামেই পরিচিত। তিনি একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন।
এই অসহায় নারী নিজের পরিচয় স্পষ্টভাবে বলতে পারেন না। শুধু এটুকুই বলতে পারেন, তার বাড়ি সিলেটের বিয়ানীবাজার এলাকায়। দীর্ঘদিন ধরে তাকে সরাইলের সকাল বাজার এলাকায় ঘুরে বেড়াতে দেখা গেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত রোজার সময় থেকেই তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন।
মানবতার প্রশ্ন তুলে স্থানীয়দের অনেকেই বলছেন, “পাগলীটা মা হয়েছে, কিন্তু সন্তানের বাবার পরিচয় নেই। সমাজের কিছু মানুষ নামের জানোয়ার কবে মানুষ হবে?”
সাংবাদিক কামাল পাঠান ,জানান সন্তান জন্মের পরপরই স্থানীয় কয়েকজন মানবিক মানুষ এগিয়ে আসেন। বিভিন্ন সমাজকর্মী ঘটনাটির সার্বিক খোঁজখবর নিচ্ছেন। এছাড়া ফরেন ফোন সার্ভিসের মালিক রফিকুল ইসলাম নবজাতক ও মায়ের চিকিৎসা ও প্রয়োজনীয় খরচ বহনের দায়িত্ব নিয়েছেন।
বর্তমানে মা ও নবজাতক সরাইলের জাহের মিয়ার হেফাজতে রয়েছেন। অসহায় এই নারীর পরিবার বা স্বজনদের খুঁজে পেতে স্থানীয়রা সবার সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।