
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ফল-ফসল ও উৎপাদনের অভিযাত্রায় অনলাইন প্লাটফর্ম ‘ব্রাহ্মণবাড়িয়ার ছাদবাগান’ এর বিশেষ ইভেন্ট আনারময়ী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা শহরের শতাধিক ছাদবাগানী অংশগ্রহণ করেছেন৷ বিশেষ করে যারা উৎপাদনশীল বাগান করতে আগ্রহী তাদের উপস্থিতি ছিল বেশি ৷ এই ইভেন্টে ছাদ বাগানিরা নিজেদের মাঝে নানান প্রজাতির দুর্লভ জাতের প্রচুর ফুল-ফল ও ফসলের চারা, বীজ ও কাটিং আদানপ্রদান করেছেন৷ ছাদবাগান গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন মুফতি কাজী এনামের সঞ্চালনায় বৃক্ষপ্রেমিদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খান সাদাত৷ এছাড়াও উপস্থিত ছিলেন জনাব শরিফুল ইসলাম মাসুদ, শাকিল আহমেদ সারওয়ার, মাও. মুছা সরকার, মাও. আহমেদ নূর, জুয়েল ইক্বরাম, কাজী ফারজানা, আফরোজা হানি, মৌসুমি আক্তার সহ অনেক সদস্য ৷ ইটপাথরের গড়া সবুজশুন্য শহুরে জীবনে বিষাক্ত আলো-বাতাসে অভ্যস্ত মানুষেরা খুজে বেড়াচ্ছে এক টুকরো নির্মল বাতাসের গন্ধ৷ খুজছে সামান্য ফরমালিনমুক্ত খাবারের উৎস। ব্রাহ্মণবাড়িয়ার ছাদবাগান গ্রুপ সেই সকল বাগানিদের পরামর্শ দিয়ে সহযোগিতা করতে সবসময় নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে৷ গ্রুপের এক্টিভিটির ভুয়সী প্রশংসা করছেন অনেকেই৷ ছাদের পরিত্যক্ত অংশ, বেলকনি অথবা আঙ্গিনায় অব্যবহৃত জায়গাগুলো যেন ফাঁকা পড়ে না থাকে, ছাদবাগানীরা নিরব সাধকের মতো চেষ্টা করে যাচ্ছেন সেখানে প্রিয় ফলের চাষ করে পরিবারের পুষ্টি চাহিদা মেটাতে ৷ ছাদ বাগানিরা ফলের চাষের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় প্রত্যেককে প্রশিক্ষণ দিচ্ছেন। যাতে করে ডেঙ্গু বা মশাবাহিত রোগের প্রাদুর্ভাব থেকে বেঁচে থাকা যায়।
