
ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং ধর্মগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা ব্লাড ক্যান্সারে আক্রান্ত গরিব ও অসহায় রোগী ধনীবুলা -এর পাশে দাঁড়িয়েছেন সাউথ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী প্রবাসীরা। মানবিক এ উদ্যোগের অংশ হিসেবে অসুস্থ ধনীবুলার হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে, যা তার চিকিৎসার ব্যয় বহনে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে ।
এই অর্থ সহায়তা প্রদান উপলক্ষে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক মো:রাজু সরকার, আবু রায়হান, মো. শাহিন আলম, মো. সাব্বির হোসাইন, লুথফর রহমান এবং মাহাবুব আলম।
উল্লেখ্য, ধনীবুলা দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ হওয়ায় উন্নত চিকিৎসা গ্রহণে ব্যর্থ হচ্ছিলেন। এ সময় তার দুঃখের কথা জানতে পেরে সাউথ আফ্রিকা প্রবাসীরা মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসেন এবং তার চিকিৎসার জন্য এই অর্থ সহায়তা প্রদান করেন।
ধনীবুলার পরিবার ও এলাকাবাসী এই মহানুভবতার জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, “এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।”
স্থানীয়রা আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সমাজের বিত্তবান এবং প্রবাসীরা অসহায় মানুষের পাশে দাঁড়াবেন এবং মানবিক কাজে অংশগ্রহণ করবেন।
