আন্তর্জাতিক ডেস্ক: ২৮ নভেম্বর ২০২৬, ২:৫০ অপরাহ্ন
ভারতের বিহার রাজ্যের সিওয়ান জেলাভিত্তিক একটি মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত শিক্ষার্থীদের পরিবার এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে এবং এ ঘটনায় জড়িত চার ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, গত ২৩ নভেম্বর সিওয়ান জেলার বরহরিয়া এলাকার তেতহলি বাজারে অবস্থিত একটি মাদ্রাসা থেকে পাঁচজন শিক্ষার্থী ই-রিকশায় করে অনুদান সংগ্রহের জন্য পার্শ্ববর্তী গোপালগঞ্জে যায়। অনুদান সংগ্রহ শেষে ফেরার পথে বংরা গ্রামের পান্ডে টোলি এলাকায় তাদের ই-রিকশাটি হঠাৎ বিকল হয়ে পড়ে।
রিকশা বিকল হওয়ার পর কয়েকজন শিক্ষার্থী কাছেই থাকা একটি আখের ক্ষেতে ঢুকে পড়ে এবং সেখান থেকে আখ ভাঙতে শুরু করে বলে অভিযোগ ওঠে। এতে স্থানীয় কয়েকজন লোক তাদের বাধা দেয় এবং তাদের পিছু ধাওয়া করে।
এই ঘটনার পর থেকেই দুই শিক্ষার্থী মোহাম্মদ জাইদ ও আশরাফ আলী নিখোঁজ হয়ে যায়। তবে অন্য তিন শিক্ষার্থী কোনোমতে ফিরে এসে মাদ্রাসায় পৌঁছাতে সক্ষম হয়। শিশুদের নিখোঁজের খবর পেয়ে পুলিশ দ্রুত অনুসন্ধান অভিযান শুরু করে।
অনুসন্ধানের অংশ হিসেবে পুলিশ ড্রোন ক্যামেরা এবং রাজ্য দুর্যোগ সাড়াদান বাহিনীর (এসডিআরএফ) সহায়তা গ্রহণ করে। দীর্ঘ অনুসন্ধানের পর গত ২৫ নভেম্বর ১৪ বছর বয়সী মোহাম্মদ জাইদের লাশ গোপালগঞ্জের একটি পুকুরের পাশ থেকে উদ্ধার করা হয়।
পরদিন ২৬ নভেম্বর একই এলাকা থেকে ১৩ বছর বয়সী আশরাফ আলীর লাশও একটি ইটভাটার কাছ থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য দুটি লাশই সরকারি হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, লাশের প্রাথমিক সুরতহালে শরীরে বাইরে থেকে আঘাতের স্পষ্ট কোনো চিহ্ন দেখা যায়নি। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) একটি দল অকুস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
মৃত শিশুদের স্বজনরা একে হত্যাকাণ্ড বলে দাবি করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরিবারের অভিযোগ, আখের ক্ষেতের ঘটনার সময় শিশু ও রিকশাচালককে মারধর করা হয়েছিল এবং ধাওয়া করে শিশুদের পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। পুলিশ এসব অভিযোগ গুরুত্বের সাথে তদন্ত করছে।
ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় জনমনে মারাত্মক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক ও সামাজিক নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে দেখা করে দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।
সূত্র: ARY News Urdu

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।