আন্তর্জাতিক ডেস্ক: ২ নভেম্বর ২০২৬, ২:৫০ অপরাহ্ন
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি পরাজিত হলে এবং ডেমোক্র্যাটরা কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে নিজের ভবিষ্যৎ কৌশলের কথা স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ডেমোক্র্যাটরা জিতলে তিনি নিজেকে ‘মিষ্টার ভিটো’ হিসেবে উপস্থাপন করবেন।
নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি ডেমোক্র্যাটরা মধ্যবর্তী নির্বাচনে জয়ী হয়ে কংগ্রেসে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তবে তিনি কংগ্রেসের উত্থাপিত প্রতিটি বিল ভিটো বা বাতিল করে দেবেন। তিনি দাবি করেন, ডেমোক্র্যাটদের হাতে দেশকে ধ্বংস করার কোনো সুযোগ দেওয়া হবে না।
মার্কিন প্রেসিডেন্ট আরও আশা প্রকাশ করেন যে, টানা এক বা দুই মাস আইনসভায় বিল পাসে ভিটো দেওয়ার পর ডেমোক্র্যাটরা নিজেই তাঁর সাথে আলোচনা ও সমঝোতায় আসতে বাধ্য হবে। ট্রাম্পের বিশ্বাস, এ ধরনের অচলাবস্থার পর দুই পক্ষ হয়তো কোনো একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প একই সাথে আশাবাদ ব্যক্ত করেছেন যে এমন পরিস্থিতি নাও তৈরি হতে পারে। তিনি মনে করেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের প্রতিনিধি পরিষদে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে সক্ষম হবে।
এদিকে মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে এবং চূড়ান্ত ভোটের আগেই আগাম ভোটাভুটিতে নতুন রেকর্ড তৈরি হয়েছে।
সূত্র: urdu news

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।