— বিজ্ঞাপন —

মৃত্যুর দুই বছর পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি দুই সাবেক জনপ্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে মৃত্যুর দুই বছর পর পুলিশের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করা হয়েছে দুই সাবেক জনপ্রতিনিধিকে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনেরা।
মৃত্যুর দুই বছর পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি দুই সাবেক জনপ্রতিনিধি
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ ডেস্ক: ২৬ নভেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে মৃত্যুর দুই বছর পর সন্ত্রাসবিরোধী কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে পুলিশের করা এক মামলায় আসামি করা হয়েছে দুই সাবেক জনপ্রতিনিধিকে। তাঁদের মধ্যে একজন সাবেক পৌর কাউন্সিলর এবং অন্যজন সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। মৃত ব্যক্তিদের এভাবে মামলায় আসামি করায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তাঁদের স্বজনেরা।

গত ২৪ নভেম্বর শ্রীপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন। ওই মামলায় মোট ১১১ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।

— বিজ্ঞাপন —

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৯১ নম্বর আসামি করা হয়েছে শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আলী আজগরকে। কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের বাসিন্দা আলী আজগর ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

একই মামলার ১০৪ নম্বর আসামি করা হয়েছে উপজেলার বাঁশবাড়ি গ্রামের বাসিন্দা ও গাজীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. ইদ্রিস আলীকে। তিনি ২০২৪ সালের ২ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ২৩ নভেম্বর তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছেন। ওই ঘটনার পর পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করে। এতে শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল জলিলকে প্রধান আসামি করা হয়েছে।

মৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হওয়ায় পরিবারের সদস্যরা ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন। আলী আজগরের জামাতা ফজলে রাব্বী বলেন, একজন মানুষ মারা যাওয়ার দুই বছর পর কীভাবে তাঁকে মামলার আসামি করা হয়, যা অত্যন্ত দুঃখজনক। এতে তাঁদের পরিবার কষ্ট পেয়েছে এবং বিষয়টি কীভাবে মীমাংসা হবে তা নিয়েও তাঁরা উদ্বিগ্ন।

নাম প্রকাশ না করার শর্তে ইদ্রিস আলীর এক ঘনিষ্ঠ স্বজন প্রশ্ন তোলেন, একজন মৃত ব্যক্তি কীভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারেন? ২ ডিসেম্বর মারা যাওয়া ইদ্রিস আলীকে আসামি করায় তাঁর পরিবারও নতুন করে কষ্টের মুখে পড়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম জানান, মামলায় অনেক আসামির নাম রয়েছে। কীভাবে ওই দুই মৃত ব্যক্তির নাম আসামির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হবে।

সূত্র: প্রথম আলো
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗