ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু দাস হত্যায় নেতৃত্বদানকারী ইয়াছিন আরাফাত গ্রেপ্তার

লেখক: Arisha Eme
প্রকাশ: ৪ মাস আগে
ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু দাস হত্যায় নেতৃত্বদানকারী ইয়াছিন আরাফাত গ্রেপ্তার

প্রতিবেদন:  ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় হত্যাকাণ্ডে ‘নেতৃত্ব’ দেওয়া এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম ইয়াছিন আরাফাত (২৫)। বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার ইয়াছিন আরাফাত ভালুকা উপজেলার দক্ষিণ হবিরবাড়ি এলাকার গাজী মিয়ার ছেলে। তিনি পাশের কাশর এলাকায় শেখবাড়ি মসজিদে ইমামতি এবং মদিনা তাহফিজুল কুরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

পুলিশ জানায়, গত ১৮ ডিসেম্বর ধর্ম অবমাননার অভিযোগ তুলে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যা করা হয়। হত্যার পর তার লাশ রশি দিয়ে বেঁধে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, হত্যাকাণ্ডের সময় ইয়াছিন আরাফাত ফ্যাক্টরির গেইটে স্লোগান দিয়ে লোকজন জড়ো করেন। পরে দিপুকে হত্যার পর রশি দিয়ে লাশ টেনে-হিঁচড়ে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নিয়ে গিয়ে মরদেহ পোড়ানোর নেতৃত্ব দেন তিনি।

ঘটনার পরদিন নিহত দিপুর ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে ভালুকা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামি করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর ইয়াছিন আরাফাত আত্মগোপনে চলে যান। প্রায় ১২ দিন পলাতক থাকার সময় তিনি ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকায় বিভিন্ন মাদ্রাসায় অবস্থান করেন। আত্মগোপনের অংশ হিসেবে তিনি একটি সুফফা মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, দিপু হত্যা মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার ২১ জন আসামির মধ্যে ১৮ জনকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে নয়জন আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি আসামিদের রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।

  • ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু দাস হত্যায় নেতৃত্বদানকারী ইয়াছিন আরাফাত গ্রেপ্তার