আন্তর্জাতিক ডেস্ক: ১৫ নভেম্বর ২০২৬, ৫:৫০ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে গত কয়েক দশকের পুরনো টেলিকম নেটওয়ার্ক আধুনিকায়নের কাজ করার সময় এক প্রযুক্তিগত বিভ্রাটের কারণে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর দেশটির বিমান চলাচলে সবচেয়ে দীর্ঘমেয়াদী স্থবিরতা দেখা দিয়েছে। শুক্রবারের এই ঘটনায় এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও পাইলটদের মধ্যকার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার অংশ তামা থেকে ফাইবার ক্যাবলে স্থানান্তরের সময় গোলযোগ দেখা দেয় বলে শনিবার যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব শেন ডাফি নিশ্চিত করেছেন।
পরিবহন সচিব ডাফির তথ্য অনুযায়ী, ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থার একটি নেটওয়ার্কে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান ‘এলথ্রিহারিস’ কাজ করার সময় একটি নতুন রাউটার স্থাপন করে। ওই রাউটারটি এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের অন্যান্য রাউটারে প্রতি চার থেকে পাঁচ সেকেন্ডে এক হাজার সংযোগের চেষ্টা পাঠিয়ে পুরো নেটওয়ার্ক বিকল করে ফেলে। এর ফলে যুক্তরাষ্ট্রের ২২টি এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারের মধ্যে ১৭টি কেন্দ্রেই যোগাযোগে চরম অস্থিরতা তৈরি হয়।
হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক সচিব মার্কওয়েন মুলিন জানান, এতে কোনো সাইবার হামলার লক্ষণ পাওয়া যায়নি এবং সব যাত্রী ও কর্মী নিরাপদ রয়েছেন। তবে ডাফি জানান, পুরো এয়ার ট্রাফিক ব্যবস্থার দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন যার জন্য আনুমানিক ৫০ বিলিয়ন ডলার বা ৫ হাজার কোটি ডলারের খরচ হতে পারে। এটি তদারকিতে কোনো অবহেলা নাকি যন্ত্রাংশের ত্রুটির কারণে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রশাসক ব্রায়ান বেডফোর্ড জানিয়েছেন, সংস্থাটির ম্যানুয়াল উপায়ে কাগজের নথিপত্রে রক্ষণাবেক্ষণের হিসেব রাখার কারণে সমস্যাটির মূল উৎস শনাক্ত করতেই প্রায় ৪৫ মিনিট সময় লেগে যায়। নিরাপত্তা নিশ্চিতের স্বার্থেই বিমান চলাচল পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এফএএ। পরবর্তীতে সার্বিক পর্যালোচনা শেষে শুক্রবার রাত থেকে পর পর অনেকগুলো বিমান উড়াল দেওয়ার অনুমতি পায় এবং শনিবার নাগাদ স্বাভাবিক কার্যক্রমে ফেরে সংস্থাটি।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যমতে, শুক্রবারের এই ঘটনায় সাড়ে ৮ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয় এবং প্রায় ৮ হাজার ফ্লাইট বাতিল করা হয়। শনিবার দিনেও আরও প্রায় ৫,৯০০ ফ্লাইট বাতিল ও ৭,০০০ ফ্লাইট বিলম্বের মুখোমুখি হয়েছে। যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া থেকেও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ছেড়ে আসা ও যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আন্তর্জাতিক একাধিক ফ্লাইট প্রভাবিত ও বাতিল করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সহকারী হোমল্যান্ড সিকিউরিটি সচিব জুলিয়েট কায়েম সাপ্তাহিক ছুটির সবচেয়ে ব্যস্ততম দিন শুক্রবারে এমন একটি সংবেদনশীল আপডেট কেন চালানো হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে এলথ্রিহারিস নামক ঠিকাদারি প্রতিষ্ঠানটি এভিয়েশন অবকাঠামো আধুনিকায়নে এফএএ-কে সহযোগিতার বিষয়ে নিশ্চিত করেছে এবং তদন্ত প্রক্রিয়ায় পূর্ণ সহায়তার কথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের এফএএ নিয়ম অনুযায়ী এবং যুক্তরাজ্য ও ইইউর এভিয়েশন আইন অনুসারে বিলম্বিত বা বাতিল ফ্লাইটের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত যাত্রীদের টিকিটের অর্থ ফেরত দেওয়া বা নতুন ফ্লাইটের সুযোগসহ বিভিন্ন অতিরিক্ত সুযোগ-সুবিধার অধিকার রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ২০২৩ সালের ‘নোটাম’ সিস্টেম বিভ্রাটের ঘটনাটিকে ছাড়িয়ে ২০০১ সালের পরবর্তী সময়ে এটাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এভিয়েশন অচল অবস্থা।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।