
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে শুল্ক ফাঁকি দিতে ‘রেড গ্রাস’ বা ঘাসজাত পণ্যের নামে আমদানি করা প্রায় ২০০ কেজি উচ্চমূল্যের জাফরান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।
সোমবার (১৩ এপ্রিল) রাজশাহীর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ল্যাবের পরীক্ষার ফলাফলে নিশ্চিত হওয়া যায়, আমদানিকৃত পণ্যটি আসলে রেড গ্রাস নয়, বরং দামী মসলা জাফরান।
কাস্টমস সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল ‘তোহা তাসু কর্পোরেশন’ নামে একটি প্রতিষ্ঠান ভারত থেকে ‘রেড গ্রাস’ নামে চালানটি আমদানি করে। পণ্যটি বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেড এলাকায় থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে নমুনা সংগ্রহ করে কাস্টমস।
পরে নমুনা পরীক্ষা করতে পাঠানো হয় বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে। সেখানে মাইক্রোস্কোপসহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, এটি ঘাসজাত কোনো পণ্য নয়, বরং উচ্চমূল্যের জাফরান।
বিসিএসআইআর-এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, রঙে কিছুটা মিল থাকলেও ‘রেড গ্রাস’ ও জাফরান সম্পূর্ণ ভিন্ন পণ্য। পরীক্ষার রিপোর্ট ইতোমধ্যে কাস্টমসকে দেওয়া হয়েছে।
এ বিষয়ে সোনামসজিদ কাস্টমসের সহকারী কমিশনার সাব্বির রহমান জিসান বলেন, সন্দেহ হওয়ায় ল্যাব টেস্ট করা হয় এবং সেখানে জাফরান শনাক্ত হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে কমিশনারের কাছে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, অভিযোগ প্রমাণিত হলে আমদানিকারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আরও পরীক্ষা-নিরীক্ষার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
