লক্ষ্মীপুরে ইটভাটায় ‘কেনা’ শ্রমিককে হাত বেঁধে ঝুলিয়ে অমানবিক নির্যাতন: ভিডিও ভাইরাল

লেখক: Sanjida
প্রকাশ: ২ মাস আগে
লক্ষ্মীপুরে ইটভাটায় 'কেনা' শ্রমিককে হাত বেঁধে ঝুলিয়ে অমানবিক নির্যাতন: ভিডিও ভাইরাল

 লক্ষ্মীপুরের কমলনগরে পাওনা টাকা ও ইটভাটায় কাজ না করার অজুহাতে কালু মিয়া (৪০) নামে এক শ্রমিককে দুই হাত বেঁধে ঝুলিয়ে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত সর্দার ইসমাইল হোসেন ওই শ্রমিককে তার শ্বশুরবাড়ি থেকে জোরপূর্বক তুলে এনে এই বর্বরতা চালান। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ফজুমিয়ার হাটের স্লুইসগেট এলাকায় এই ঘটনা ঘটে। শুক্রবার রাত থেকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র নিন্দার ঝড় ওঠে।

নির্যাতনের শিকার কালু মিয়া চরকাদিরা ইউনিয়নের চরবসু এলাকার বাসিন্দা। স্বজনরা জানান, বছরের শুরুতে ৮০ হাজার টাকার চুক্তিতে তাকে চট্টগ্রামের একটি ইটভাটায় কাজের জন্য নিয়েছিলেন সর্দার ইসমাইল। তবে অসুস্থতার কারণে কিছু দিন কাজ করার পর কালু বাড়িতে চলে আসেন। গত বৃহস্পতিবার বিকেলে ইসমাইল হোসেনের নেতৃত্বে একদল লোক তাকে শ্বশুরবাড়ি থেকে তুলে এনে নিজের অফিসে নিয়ে যায়। সেখানে দুই হাত বেঁধে ঝুলিয়ে তাকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয়। ভিডিওতে দেখা যায়, নির্যাতনের সময় কালুর পরিবর্তে তার ভাইদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার জোরপূর্বক স্বীকারোক্তিও আদায় করা হচ্ছিল। একপর্যায়ে মুমূর্ষু অবস্থায় একটি সাদা কাগজে মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

অভিযুক্ত সর্দার ইসমাইল হোসেন নির্যাতনের বিষয়টি স্বীকার করে ঔদ্ধত্যপূর্ণ দাবি করেন যে, কালু মিয়াকে ৮০ হাজার টাকায় ‘কিনে’ নেওয়া হয়েছিল। সে কাজ না করে বারবার পালিয়ে আসায় তাকে সামান্য বেত্রাঘাত করে ভয় দেখানো হয়েছে। তবে কোন ইটভাটার হয়ে তিনি শ্রমিক কেনা-বেচার এই কারবার করছেন, সে বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি। এদিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানিয়েছেন, বিষয়টি পুলিশের নজরে এসেছে এবং ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তিনি আশ্বস্ত করেন যে, অপরাধী যেই হোক তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না। এই অমানবিক ঘটনার প্রতিবাদে স্থানীয়রা অভিযুক্ত ইসমাইলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


  • লক্ষ্মীপুরে ইটভাটায় 'কেনা' শ্রমিককে হাত বেঁধে ঝুলিয়ে অমানবিক নির্যাতন: ভিডিও ভাইরাল