লিফট দুর্ঘটনায় স্কুলছাত্রী গুরুতর আহত, ভবনের বৈধতা ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন

লেখক: Arisha Eme
প্রকাশ: ২ মাস আগে
লিফট দুর্ঘটনায় স্কুলছাত্রী গুরুতর আহত, ভবনের বৈধতা ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন

ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাংকের পাড় এলাকায় বহুতল ভবনের লিফটের তার ছিঁড়ে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে এক স্কুলছাত্রী। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ওই শিক্ষার্থী বর্তমানে ঢাকায় উন্নত চিকিৎসাধীন। এ ঘটনায় ভবনটির নির্মাণ বৈধতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘ফ্রেন্ডস টাওয়ার’ নামের বহুতল ভবনে এ দুর্ঘটনা ঘটে। লিফটের তার ছিঁড়ে পড়ে গেলে গুরুতর আহত হয় রুহা রহমান নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। সে শহরের সূর্যমুখী কিন্ডারগার্টেনের ছাত্রী। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। সর্বশেষ তাকে উন্নত চিকিৎসার জন্য ল্যাবএইড হাসপাতালে নেওয়া হচ্ছে বলে পরিবার জানিয়েছে।

রুহার বাবা মোকলেস রহমান বলেন, তার মেয়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসকদের বরাতে তিনি জানান, রুহার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, মাথার হাড় ভেঙে গেছে এবং নাকের পর্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকরা এখনও চূড়ান্ত কিছু বলতে পারছেন না।

এদিকে দুর্ঘটনার পর ভবনটির বৈধতা ও নির্মাণ প্রক্রিয়া নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অভিযোগ রয়েছে, একটি পুকুর ভরাট করে ভবনটি নির্মাণ করা হয়েছে। ভবনটির মালিকানায় প্রায় ১০ জন অংশীদার রয়েছেন, যাদের অধিকাংশই পেশায় চিকিৎসক। স্থানীয়দের দাবি, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং যথাযথ তদারকি ছিল না। শহরে এ ধরনের ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা বাড়লেও পৌর কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ ওঠে।

যদিও মালিকপক্ষের একজন, ইমরান নামের এক অংশীদার দাবি করেছেন, ভবনে ব্যবহৃত লিফট দেশের শীর্ষ ব্র্যান্ড ‘ফুজি’র এবং এটি অত্যন্ত মানসম্মত ও ব্যয়বহুল। তবে লিফট যদি মানসম্মত হয়, তাহলে কীভাবে তার ছিঁড়ে এমন দুর্ঘটনা ঘটল—এ প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারেননি তিনি।

এই দুর্ঘটনা আবারও সামনে এনে দিয়েছে অপরিকল্পিত নগরায়ন, অবৈধ নির্মাণ ও নিরাপত্তাহীন অবকাঠামোর ভয়াবহ চিত্র। এখন প্রশ্ন উঠছে—এই ঘটনার দায় নেবে কে? ভবন মালিক, নির্মাণ সংশ্লিষ্টরা, নাকি তদারকিতে ব্যর্থ পৌর কর্তৃপক্ষ? সচেতন মহলে জোরালো হচ্ছে তদন্ত ও দায় নির্ধারণের দাবি।