
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা-কে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও তার কর্মীদের মারধরের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে আহাদ নামে রুমিন ফারহানার এক কর্মী বাদী হয়ে সরাইল থানায় মামলাটি করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারকে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, মামলার এজাহারে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৪০-১৫০ জনকে। ইতোমধ্যে মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত ২১ ফেব্রুয়ারি রাতে শহীদ মিনারে ফুল দিতে গেলে নেতাকর্মীদের বাধার মুখে পড়েন রুমিন ফারহানা। অভিযোগ রয়েছে, আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে উত্তেজনা সৃষ্টি করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় এবং রুমিন ফারহানার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি কর্মী-সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।
ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে সরাইলের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন রুমিন ফারহানার সমর্থকরা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন রুমিন ফারহানা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় পরবর্তীতে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা বিরাজ করছে।
