শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে সেনাবাহিনীর সমন্বয় বৈঠক, জাতীয় স্টেডিয়াম ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে সেনাবাহিনীর সমন্বয় বৈঠক
শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে সেনাবাহিনীর সমন্বয় বৈঠক
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা মহানগরের নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তিনি গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সেনাপ্রধান অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ সমন্বয় ও মতবিনিময় সভায় মিলিত হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়। সভায় তিনি আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার করা এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনী প্রধান জাতীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি নিয়োজিত সেনাসদস্যদের জনগণের প্রতি নাগরিকবান্ধব আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় সারাদেশে মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে সেনাপ্রধান বলেন, ভীতিমুক্ত ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করাই সেনাবাহিনীর তৎপরতার মূল লক্ষ্য। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি গ্রহণেরও তাগিদ দেন তিনি।

এ সময় সেনাবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ৯ পদাতিক ডিভিশনের জিওসি, সাভার এরিয়া কমান্ডারসহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে অসামরিক প্রশাসনের পক্ষে ঢাকার বিভাগীয় কমিশনারসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের প্রধানরা সভায় অংশ নেন। সভায় নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে সেনাবাহিনী প্রধান গত ২২ জানুয়ারি ২০২৬ থেকে দেশের বিভিন্ন অঞ্চল সফর করে আসছেন। এরই মধ্যে তিনি ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, বগুড়া, বরিশাল, যশোর, কক্সবাজার, সিলেট, ঘাটাইল ও সাভার এরিয়ার সামরিক ও অসামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সম্পন্ন করেছেন। সংশ্লিষ্ট সকল বিভাগ ও জেলার প্রশাসনের সঙ্গে সমন্বিত আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে বলে সভায় জানানো হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ