শাহীন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ উপজেলার মুক্ত মঞ্চ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন,”শিক্ষাই আগামীর বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার। মেধাবী শিক্ষার্থীরাই বাঞ্ছারামপুরকে একটি আধুনিক মডেল উপজেলায় রূপান্তর করবে।” তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক এ কে মুসা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা,বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান খান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রবিউল হাসান ভূঁইয়া, বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নেতা শামীম শিবলী ও রাকিবুল হাসান।
এছাড়া বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট প্রদান, উপহার প্রদান ও সাইকেল বিতরণ করা হয়।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।