ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাত বছরের শিশু মাহিদাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার তার চাচা জাহিদুল ইসলামের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আন্দিদিল গ্রামবাসীর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত প্রাঙ্গণ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা জামায়াতের আমির মোবারক হোসেন আকন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাই, নিহত মাহিদার মা মনিরা আক্তার ও চাচা মো. সজিবসহ অনেকে।
বক্তারা বলেন, শিশু মাহিদাকে ধর্ষণ ও হত্যার মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে শিশুদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে মাহিদা হত্যার দ্রুত বিচার ও অভিযুক্ত জাহিদুল ইসলামের সর্বোচ্চ শাস্তির দাবিতে জেলা প্রশাসক মো. আবু সাঈদের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে পানি খাওয়ানোর কথা বলে মাহিদাকে একটি বসতঘরে নিয়ে যান জাহিদুল। সেখানে তাকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে মাহিদার মা মনিরা বেগম মেয়েকে খুঁজতে গিয়ে জাহিদুলের ঘরে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিদাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয়রা জাহিদুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে জাহিদুল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।