গণসংহতি আন্দোলনের নেতৃত্বে পরিবর্তন: পদ ছাড়লেন জোনায়েদ সাকি

লেখক: Arisha Eme
প্রকাশ: ২ সপ্তাহ আগে
গণসংহতি আন্দোলনের নেতৃত্বে পরিবর্তন: পদ ছাড়লেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। দলটির ‘প্রধান সমন্বয়কারী’ পদ থেকে পদত্যাগ করেছেন জোনায়েদ সাকি। তার স্থলাভিষিক্ত হয়ে ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন দেয়ান আব্দুর রশিদ নীলু

শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলন-এর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সাকি নিজেই। তিনি জানান, সরকার ও দলীয় কার্যক্রমের মধ্যে সুস্পষ্ট বিভাজন নিশ্চিত করতেই তিনি দলের শীর্ষ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, হাসান মারুফ রুমীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০০২ সালের ২৯ আগস্ট ‘জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান’ নিয়ে যাত্রা শুরু করে গণসংহতি আন্দোলন। দীর্ঘ আইনি ও সাংগঠনিক প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে দলটি।

সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে ‘মাথাল’ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন জোনায়েদ সাকি। তার এই পদত্যাগ দলীয় রাজনীতিতে নতুন বার্তা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।