
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত দুই নতুন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ও রেজাউল করিম বাদশাকে শপথ বাক্য পাঠ করান। শপথ শেষে তারা সংসদীয় শপথ বইয়ে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং চিফ হুইপসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) নির্বাচন কমিশন এক গেজেটের মাধ্যমে শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিজয়ীদের নাম প্রকাশ করে। ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে সাধারণ নির্বাচনের সময় ভোটগ্রহণ স্থগিত ছিল। অন্যদিকে বগুড়া-৬ আসনটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া শূন্য আসন ছিল। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি এই আসন থেকে জয়ী হয়ে পরে আসনটি ছেড়ে দেন, ফলে সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত মোট ২৯৮ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল গণনা শেষ হলেও আদালতের নির্দেশনার কারণে এখনো গেজেট প্রকাশ করা হয়নি। আইনি জটিলতা নিরসনের পর ওই দুই আসনের ফল ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
