ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদীকে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও কর্তব্যে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের পর কমিটির সভাপতি মোহাম্মদ বশির আহমেদ এ সংক্রান্ত আদেশ জারি করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বরখাস্তের আদেশে উল্লিখিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে—বিদ্যালয়ের সম্পত্তি ও দোকান বরাদ্দে অনিয়ম, টেন্ডার প্রক্রিয়া অনুসরণ না করে গাছ ও বিভিন্ন মালামাল বিক্রি, বিধিবহির্ভূতভাবে নির্মাণকাজ এবং এমপিও স্থগিত থাকা অবস্থায় বিদ্যালয়ের তহবিল থেকে বেতন গ্রহণ।
আদেশে বলা হয়, এসব বিষয়ে প্রধান শিক্ষক শেখ সাদীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। পরে তাঁর দেওয়া জবাব পর্যালোচনা করে তা সন্তোষজনক নয় বলে মনে হওয়ায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
বরখাস্তকালীন সময়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব সহকারী প্রধান শিক্ষক পালন করবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।