এসএসসি পরীক্ষা-২০২৬-এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাসকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
স্বেচ্ছাসেবী, সামাজিক ও মানবিক সংগঠন ‘পজিটিভ সরাইল’-এর উদ্যোগে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পজিটিভ সরাইলের উপদেষ্টা ও কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক সভাপতিত্ব করেন। সংগঠনের প্রধান সমন্বয়ক ও সাংবাদিক জহিরুল ইসলাম রিপন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন। প্রধান বক্তা ও আলোচক হিসেবে বক্তব্য দেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল।
ক্বারী জামাল হোসেনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে পজিটিভ সরাইলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম মাস্টার স্বাগত বক্তব্য দেন।
এ সময় বক্তব্য দেন সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন বদু, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাস, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আইয়ুব খান, সাংবাদিক ও প্রভাষক মাহবুব খান বাবুল, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার, সরাইল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, বিদ্যালয়ের শিক্ষক হাদিস মিয়া, পজিটিভ সরাইলের উপদেষ্টা সদীব দত্ত তনু, সরাইল মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য রুহুল আমিন রোবেল, দৈনিক পরগনার সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ এবং লেখক ইসমুনাথ প্রমুখ।
অনুষ্ঠানে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. জাকির হোসেন সরকার, সরাইল উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি পারভেজ আলম, সাংবাদিক জুলকার নাঈনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী মোস্তাকিম মোতাইদ সিয়াম, মো. এখলাছ হোসেন আরিফ, তাশফিক উদ্দিন ঠাকুর, ইয়াসিন হোসাইন, মো. আশেকুর রহমান আরাফাত, আরাফ বিন মাঈন, সাইফ আল মামুন, ফারহান ইসলাম, গাজী আব্দুল্লাহ ও সৈয়দ নলীন উজ জামান-এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
একই সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাসকে শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে পর্যায়ক্রমে সরাইল উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরও বিদ্যালয়ভিত্তিক আনুষ্ঠানিকতার মাধ্যমে সংবর্ধনা দেওয়া হবে।
আয়োজকদের প্রত্যাশা, মেধাবীদের স্বীকৃতি ও উৎসাহ দেওয়ার মাধ্যমে সরাইলে শিক্ষার প্রতি শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের আগ্রহ আরও বাড়বে এবং ভবিষ্যৎ প্রজন্মকে ভালো ফলাফলের পাশাপাশি দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা জোগাবে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।