সরাইলে বুড্ডা তিতাসের পাড়ে ‘মাদকবিরোধী তরুণ শক্তি’ উদ্যোগ -এর নৌকা বাইচ;

লেখক: অসীম চন্দ্র দাস
প্রকাশ: ৪২ minutes ago
সরাইলে বুড্ডা তিতাসের পাড়ে ‘মাদকবিরোধী তরুণ শক্তি’ উদ্যোগ -এর নৌকা বাইচ;

মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে মুক্ত রাখার দৃঢ় প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বুড্ডা এলাকার তিতাস নদীর তীরে অনুষ্ঠিত হয়েছে প্রাণের উৎসব ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সামাজিক সংগঠন ‘মাদকবিরোধী তরুণ শক্তি’-এর উদ্যোগে আজ শনিবার (২২ আগস্ট) দুপুর ২:০০ ঘটিকায় জমকালো এই নৌ-উৎসবের আয়োজন করা হয়।

তিতাসের শান্ত জলরাশিকে মথিত করে বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর কাড়ানাকাড়ার তালে তালে মাঝিমাল্লাদের কণ্ঠের সারি গান বুড্ডা, কুচনী ও ক্ষেমতাপুর এলাকার আকাশ-বাতাস মুখরিত করে তোলে।আবহমান বাংলার এই লোকজ সংস্কৃতি উপভোগ করতে তিতাস নদীর দুই পাড়ে দূর-দূরান্ত থেকে আসা লাখো বিনোদনপ্রেমী ও পর্যটকদের স্বতঃস্ফূর্ত ঢল নামে। কেউ কেউ জেঠাগ্রাম, হরিণবের, শাহজাদাপুর ও মলাইশ এলাকা থেকে বিশাল বিশাল ট্রলার ও ইঞ্জিনচালিত নৌকা সযতনে সাজিয়ে নদীপথে অনুষ্ঠানস্থলে আসেন।

আবার সরাইল সদর, শাহবাজপুর ও কালিকচ্ছসহ বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা মোটরবাইক, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়িতে চড়ে স্থলপথে বুড্ডা তিতাসের পাড়ে সমবেত হন।নৌকা বাইচ দেখতে আসা বেশ কয়েকজন পর্যটকের সাথে কথা বললে তাঁরা অত্যন্ত হর্ষোৎফুল্ল কণ্ঠে জানান, “গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখার পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার অন্যতম এক অনিন্দ্য মাধ্যম হলো এই জাঁকজমকপূর্ণ নৌকা বাইচ প্রতিযোগিতা।”চরম উত্তেজনাপূর্ণ ও হাড্ডাহাড্ডি লড়াই শেষে প্রতিযোগিতায় গৌরবময় প্রথম স্থান অধিকার করে সরাইলের ‘ক্ষেমতাপুর’ দল। প্রথম পুরস্কার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয় একটি সুঠাম ও বিশাল ‘ষাঁড় গরু’। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে স্বাগতিক ‘বুড্ডা’ দল এবং পুরস্কার হিসেবে একটি ‘রেফ্রিজারেটর (ফ্রিজ)’ লাভ করে।

এছাড়া তৃতীয় স্থান জয় করে বিজয়নগরের ‘এত্তারপুর’ দল এবং তারা পুরস্কার হিসেবে লাভ করে একটি ‘এলইডি (LED) টিভি’। আয়োজক কমিটির পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অবশিষ্ট প্রতিটি নৌকাকে সান্ত্বনা পুরস্কার হিসেবে নগদ ৫,০০০ (পাঁচ হাজার) টাকা করে প্রদান করা হয়।পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কারের স্মারক ও ষাঁড় তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্জ সিরাজুল ইসলাম (সিরাজ)।

অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম।মাদকবিরোধী তরুণ শক্তির সভাপতি বিশিষ্ট সমাজসেবক শেখ রাকিব উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্জ আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া, মোঃ মনসুর আহমেদ, আলী আহাদ, মোহাম্মদ বায়েত উল্লাহ, জনাব আলী আজ্জম, তানিম শাহেদ রিপন এবং আব্দুল আহাদ চৌধুরী। সমগ্র অনুষ্ঠানটির সফল সঞ্চালনা করেন জনাব ওসমান উল্লাহ।

পরিশেষে, প্রধান অতিথির দিকনির্দেশনামূলক সমাপনী বক্তব্য এবং সভাপতির আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সরাইলের স্মরণকালের এই দৃষ্টিনন্দন ও সফল নৌকা বাইচ উৎসবের সমাপ্তি ঘটে।