ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি আলাদা, গান-বাজনা-সিনেমা নিষিদ্ধের মতো: স্বরাষ্ট্রমন্ত্রী

লেখক: Arisha Eme
প্রকাশ: ২৯ minutes ago
ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি আলাদা, গান-বাজনা-সিনেমা নিষিদ্ধের মতো: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশকে ‘আলাদা’ হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই এলাকায় বহু বছর ধরে গান-বাজনা ও সিনেমা অনেকটা নিষিদ্ধের মতোই চলে আসছে। তাই স্থানীয় পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় আহত ঢামেকের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে মধ্যরাতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া এলাকাটা এরকম যে গান-বাজনা-সিনেমা বহু বছর ধরে তাদের মধ্যে নিষিদ্ধের মতো। ওখানকার পরিস্থিতি আলাদা। পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় যেখানে যা ব্যবস্থা নেওয়ার দরকার, সেটা নিয়েছি।’

এ সময় চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য ব্যর্থ হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, চাঁদাবাজরা রাতারাতি কোটিপতি হতে চায়। তারা চিহ্নিত সন্ত্রাসী, দাগি আসামি ও গডফাদারদের নাম ব্যবহার করে চাঁদাবাজি করে। শুধু চাঁদাবাজদের তালিকা নয়, তাদের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তাদের তালিকাও করা হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি সংঘবদ্ধ চক্র হাইভ্যালু ব্যক্তিদের টার্গেট করে ভয়ভীতি প্রদর্শন এবং পরে হামলার মাধ্যমে চাঁদাবাজির চেষ্টা করেছিল। ২০ আগস্টের মধ্যে ওই চক্রের সাতজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি পুলিশের ভূমিকার প্রশংসা করে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে মূলহোতাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তবে পুলিশের আরও কাজ বাকি রয়েছে। সংঘবদ্ধ চাঁদাবাজদের নির্মূল করতে সরকার কঠোর পদক্ষেপ নিতে চায় বলেও জানান তিনি।