
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদক কেনাবেচায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রায়হান ওই গ্রামের ছুটুন মিয়ার ছেলে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে উত্তরপাড়া এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দেন। তবে ওই যুবক ইয়াবা না কিনে টাকা দিয়ে বিস্কুট কিনে খেয়ে ফেলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়ে একপর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।
বিষয়টি জানতে পেরে মাদকের বিরুদ্ধে সচেতনতা কার্যক্রমে যুক্ত স্থানীয় যুবক কামাল, জসিম ও দেওয়ান উদ্দিনসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে মাদক কেনাবেচার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় সজীব মিয়ার পক্ষ নিয়ে শাহীন ও রতন মিয়া নামে আরও দুই যুবক ক্ষুব্ধ হন। পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রাত সাড়ে ১২টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। টর্চলাইটের আলোয় প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে রায়হান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আরও ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, “মাদক-সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সংঘর্ষে রায়হান নামে একজন নিহত হয়েছেন। তার মরদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
