পথিক টিভি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নির্মাণকাজ দুই বছর বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে নতুন করে নির্মাণকাজ শুরু হয়।সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন নির্মাণের কাজ ২০২৩ সালে শুরু হয়।
ভবনটির প্রথম তলার ছাদ পর্যন্ত আংশিক কাজ হওয়ার পর ২০২৪ সালের ৫ আগস্টের পরিপ্রেক্ষিতে সরকার পরিবর্তনের পর নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।
এরপর প্রায় দুই বছর কাজ বন্ধ থাকার পর নতুন করে ‘কেইএসএস’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করতে চুক্তিবদ্ধ হয়।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে নতুন করে নির্মাণকাজ শুরু হওয়া ভবনটি পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কুমিল্লা স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার, সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.মো.নিজাম উদ্দিন, কেই এস এস ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার মো. আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঠিকাদার মো. আলমগীর হোসেন বলেন, প্রায় ৮ কোটি টাকায় ভবনটির চারতলা নির্মাণকাজ সম্পন্ন করার জন্য চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করা হয়েছে।
প্রতিদিন প্রায় ৫০ জন শ্রমিক নির্মাণকাজে যুক্ত রয়েছেন। চুক্তি অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করা হবে।
আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার বলেন, ভবনটির নির্মাণকাজ দীর্ঘদিন বন্ধ থাকায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। নতুন করে নির্মাণকাজ শুরু হওয়ায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর ভবনটির নির্মাণকাজ নতুন করে শুরু হয়েছে।
ভবনটি নির্মিত হলে হাসপাতালের আবাসন সুবিধা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসাসেবার মানও আরও উন্নত হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কুমিল্লা স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের বলেন, ২০২৭ সালের জুন মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নিয়ে নির্মাণকাজ নতুন করে শুরু হয়েছে।
কাজের সার্বিক বিষয়ে তদারকি অব্যাহত রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন করার আশা করা হচ্ছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।