মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ১১ বাংলাদেশিসহ ২৭ প্রবাসী প্রত্যাবাসন, আজীবন প্রবেশে নিষেধাজ্ঞা

লেখক: Arisha Eme
প্রকাশ: ৩ মাস আগে
মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ১১ বাংলাদেশিসহ ২৭ প্রবাসী প্রত্যাবাসন, আজীবন প্রবেশে নিষেধাজ্ঞা

মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে ১১ জন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ২৭ জন আটক প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। ২০২৫ সালের শেষ সপ্তাহজুড়ে পরিচালিত এক বিশেষ প্রত্যাবাসন কার্যক্রমের আওতায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে তাদের সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো হয়।

সোমবার (৫ জানুয়ারি) মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে। প্রত্যাবাসিতদের মধ্যে বাংলাদেশের ১১ জন ছাড়াও ভারতের ৭ জন, পাকিস্তানের ৫ জন এবং নেপালের ৪ জন নাগরিক রয়েছেন।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ভবিষ্যতে অবৈধ অভিবাসন রোধ এবং দেশের আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ফেরত পাঠানো প্রবাসীদের অধিকাংশেরই বৈধ পাসপোর্ট থাকলেও কয়েকজনের পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ ছিল বা অন্যান্য আইনি জটিলতা দেখা দেয়। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের সহযোগিতায় ‘ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট’ বা অস্থায়ী ভ্রমণ নথি ইস্যু করে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

কর্তৃপক্ষ জানায়, এই প্রক্রিয়ায় ব্যবহৃত বিমান টিকিটের ব্যয় মূলত আটক ব্যক্তিদের ব্যক্তিগত সঞ্চয় কিংবা তাদের পরিবারের আর্থিক সহায়তায় মেটানো হয়েছে। তবে কিছু বিশেষ ক্ষেত্রে মানবিক বিবেচনায় সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলো টিকিটের খরচ বহন করেছে। পুরো প্রশাসনিক কার্যক্রম পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোর নির্ধারিত কাউন্টার থেকে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই সম্পন্ন করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রত্যাবাসিত এই সব প্রবাসীকে মালয়েশিয়ার কেন্দ্রীয় অভিবাসন সিস্টেমে ‘কালো তালিকাভুক্ত’ করা হয়েছে। এর ফলে অভিবাসন আইন অনুযায়ী তারা ভবিষ্যতে আর কোনো প্রয়োজনে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসনবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। অবৈধভাবে অবস্থানকারী বা আইন ভঙ্গকারী প্রবাসীদের শনাক্ত করে নিজ দেশে ফেরত পাঠানো এবং কঠোরভাবে আইন প্রয়োগের মাধ্যমেই দেশের নিরাপত্তা নিশ্চিত করতে চায় মালয়েশিয়া সরকার।

  • মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ১১ বাংলাদেশিসহ ২৭ প্রবাসী প্রত্যাবাসন