বাংলাদেশ ডেস্ক: ২২ নভেম্বর ২০২৬, ৫:৫১ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
রোববার এক যৌথ বিবৃতিতে এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) মুহা. মহিউদ্দিন খান এবং সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি কাজী আশিক।
বিবৃতিতে ছাত্রশিবির নেতারা জানান, রাত সাড়ে তিনটার দিকে সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন ব্যবহার করে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার সময় ভিপি সাদিক কায়েমের বাবা-মা বাড়িতেই অবস্থান করছিলেন।
ছাত্রশিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়, জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী ছাত্রসমাজ এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে এসব হামলার চেষ্টা চালানো হচ্ছে। এতে জড়িতরা পরিবারের সদস্যদের টার্গেট বানিয়ে ভয়ভীতির পরিবেশ তৈরি করছে।
বিবৃতিতে অন্যান্য নেতাদের ঘটনার বিষয়টিও উল্লেখ করা হয়। শিবিরের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে ডাকসুর সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, এনসিপি নেতা মাহিন সরকার এবং বিএনপির সংসদ সদস্য এস এম জিলানি ও সেলিমুজ্জামান সেলিমের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ও হুমকির মতো নানা ঘটনা ঘটেছে।
শিবির নেতারা দাবি করেন, এসব তাণ্ডবের মধ্য দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভুক্তভোগী পরিবারের স্বজনদের লক্ষ্য করে ভীতি ও আতঙ্কের পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
একই সাথে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্রশিবিরের এই দুই নেতা। তারা অভিযোগ তোলেন, একের পর এক হামলার ঘটনা ঘটতে থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়।
তাদের দাবি, সরকারের এমন নিষ্ক্রিয় ভূমিকা সন্ত্রাসীদের আরও বেপরোয়া ও দুঃসাহসী করে তুলছে। এতে করে মানুষের নিরাপত্তার সংকট তীব্র হচ্ছে।
বিবৃতিতে অবিলম্বে সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়। পাশাপাশি জুলাই বিপ্লবের সম্মুখসারির ছাত্রনেতা ও তাদের স্বজনদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আওয়ামী লীগের সন্ত্রাসী নেটওয়ার্ক নির্মূলে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।
সূত্র: সমকাল

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।