ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফেজ আল মামুনকে দেখতে চান স্থানীয় আলেম-ওলামা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁকে নির্বাচিত করা হলে সাদেকপুর ইউনিয়নকে একটি আদর্শ ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁরা।
গত শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চিলাকোট ঈদগাহ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন মসজিদের মক্তবের শিক্ষার্থী, আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা অংশ নেন।
বক্তারা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফেজ আল মামুনকে চেয়ারম্যান নির্বাচিত করা হলে তিনি সাদেকপুর ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়ার একটি সুন্দর ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন বলে তাঁরা আশাবাদী। এ সময় বক্তারা তাঁর অতীতের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, আপনাদের পাশেই নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুফতি আমজাদ হোসাইন আশরাফী দায়িত্ব পালনকালে মানুষের মধ্যে ন্যায্যভাবে চাল, ডাল, গমসহ বিভিন্ন সরকারি সহায়তা বণ্টন করেছেন বলে তাঁদের অভিজ্ঞতা। তাঁদের ভাষ্য, তাঁর দায়িত্ব পালনকালে এলাকায় ঝগড়া-বিবাদ কম ছিল এবং তাঁর বিরুদ্ধে এক টাকা আত্মসাতের অভিযোগও ওঠেনি। একজন আলেম জনপ্রতিনিধি হলে জনগণ সেবামুখী নেতৃত্বের সুফল পেতে পারে বলে মন্তব্য করেন তাঁরা।
এ সময় বক্তারা সাদেকপুর ইউনিয়নের জনগণকে হাফেজ আল মামুনের মতো একজন আলেমকে জনসেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান। তাঁদের প্রত্যাশা, তিনি নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে হাফেজ আল মামুন বলেন, আপনারা আমাকে ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে এলাকার মাদক, চুরি ও অন্যান্য সামাজিক সমস্যা দূর করে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে দলটির আমির আল্লামা মামুনুল হক স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। ওই তালিকায় সাদেকপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফেজ আল মামুনের নামও ঘোষণা করা হয়।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।