সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী নজরুল ইসলামের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ। সোমবার (৯ নভেম্বর) জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।
নজরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের আবদুল বাছির ও রহিমা বেগমের ছেলে। জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি। সেখানে একটি ঘটনায় তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হয়। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটি শোকের পাশাপাশি আর্থিক অনিশ্চয়তার মধ্যেও পড়ে।
সোমবার নজরুলের বাড়িতে গিয়ে তাঁর মা-বাবার খোঁজখবর নেন সিরাজুল ইসলাম। তাঁদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি কঠিন সময়ে ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি।
সিরাজুল ইসলাম বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁদের পরিবারের সংকটে সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসা উচিত। জেলা পরিষদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর নজরুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দুর্দশার কথা শোনেন সিরাজুল ইসলাম এবং সহযোগিতার আশ্বাস দেন। সেই আশ্বাসের ধারাবাহিকতায় সোমবার তিনি পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি তাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি নিয়াজুল করিমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।
এ সময় পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য জেলা পরিষদ প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।