
সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাত বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (৯ আগস্ট) সৌদি আরবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে আত্রাই উপজেলার সাত প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
নিহত সাতজনই আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং সৌদি আরবের ওই সোফা তৈরির কারখানায় কর্মরত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন।
তবে অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ইউএনও মো. মনিরুজ্জামান। এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেলেও অন্যদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে, অগ্নিকাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বিভিন্ন ব্যক্তির পোস্টে নিহতের সংখ্যা ১৫, ১৭ ও ১৯ জন বলে দাবি করা হয়েছে। তবে এসব দাবির কোনোটি এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
একই উপজেলার সাত প্রবাসীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আত্রাইজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে উপজেলার পরিবেশ।
নিহতদের বিস্তারিত পরিচয়, অগ্নিকাণ্ডের কারণ এবং মোট হতাহতের সংখ্যা সম্পর্কে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে আরও তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।
