পরকীয়ার তীব্র নেশায় মগ্ন স্ত্রী!
অনলাইন ডেস্ক: অবিশ্বাস্য এক ঘটনা ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের চরচড়া বাড়ি সংলগ্ন এলাকায়। স্ত্রী পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ায় স্বামীর সঙ্গে আর সংসার করতে রাজি নন— এমন ঘোষণা দিয়ে অন্য পুরুষের হাত ধরলেন এক গৃহবধূ। অবশেষে স্ত্রীর সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে গ্রামের লোকজনের উপস্থিতিতে স্ত্রীকে পরপুরুষের হাতে তুলে দিলেন স্বামী। এরপর দুধ দিয়ে স্নান করে স্ত্রীর প্রতি নিজের ভালোবাসা ও সম্পর্কের ইতি টানলেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে ওই এলাকার বাসিন্দা কার্তিক সরকার ও সনেকা সরকারের বিয়ে হয়। তাঁদের দুই পুত্রসন্তান রয়েছে— একজনের বয়স ১০ বছর, অন্যজনের ৪।
স্বামী কার্তিক সরকারের দাবি, তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে পাশের বাড়ির এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন। এ নিয়ে আগেও পারিবারিক কলহ সৃষ্টি হয়েছিল। তবে সম্প্রতি সনেকা আবারও ওই যুবকের সঙ্গে পালিয়ে যান।

পরকীয়ার তীব্র নেশায় মগ্ন স্ত্রী!
রবিবার এ নিয়ে গ্রামে সালিশি সভা বসে। সেখানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান, সদস্য, আইনজীবী ও এলাকার বহু বাসিন্দা। সালিশে সনেকা স্পষ্ট জানিয়ে দেন, তিনি আর স্বামীর সঙ্গে থাকতে চান না, বরং যাঁর সঙ্গে সম্পর্ক রয়েছে, তাঁর সঙ্গেই থাকতে চান।
স্ত্রীর সেই সিদ্ধান্ত মেনে নিয়ে স্বামী কার্তিক সরকার গ্রামের লোকজনের উপস্থিতিতে লিখিত চুক্তির মাধ্যমে স্ত্রীকে ওই যুবকের হাতে তুলে দেন। এরপর দুই সন্তানকে কোলে নিয়ে দুধ দিয়ে স্নান করে স্ত্রীর প্রতি নিজের ‘মায়া ত্যাগের প্রতীকী ঘোষণা’ দেন তিনি।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকেই স্বামীর এমন ‘আত্মসংযমী’ সিদ্ধান্তকে অবাক দৃষ্টিতে দেখলেও, কেউ কেউ এটিকে সামাজিক অবক্ষয়ের প্রতিফলন বলছেন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। তবে ঘটনাটি নিয়ে তদন্তের দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে।
