‘১৫০ হাজীর লাগেজ কেটে চুরির অভিযোগ ভিত্তিহীন’— বিমান প্রতিমন্ত্রী

লেখক: Arisha Eme
প্রকাশ: ২ মাস আগে
‘১৫০ হাজীর লাগেজ কেটে চুরির অভিযোগ ভিত্তিহীন’— বিমান প্রতিমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দেশে ফেরা হাজীদের ১৫০টি লাগেজ কেটে মালামাল চুরির অভিযোগকে সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, অভিযোগ পাওয়ার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্তে সিসিটিভি ও বডি অন ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে কোনো ধরনের চুরি বা ইচ্ছাকৃত মিসহ্যান্ডলিংয়ের প্রমাণ পাওয়া যায়নি।

প্রতিমন্ত্রী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে হাজীদের ১৫০টি লাগেজ কেটে মালামাল চুরির দাবি করা হলেও তদন্তে দেখা গেছে, মোট ৮৩৬টি লাগেজের মধ্যে মাত্র ২১টি ব্যাগ ছেঁড়া বা কাটা অবস্থায় ছিল। তবে এসব ক্ষেত্রে চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তিনি বলেন, আন্তর্জাতিক বিমান চলাচল বিধিমালা অনুযায়ী চেকিং লাগেজে জমজমের পানি, সিলবিহীন তরল প্রসাধনী কিংবা ঘোষণা ছাড়া নগদ অর্থ বহন করা নিষিদ্ধ। স্ক্যানিংয়ের সময় এমন কিছু শনাক্ত হলে নিরাপত্তা বিধি অনুসারে লাগেজ খুলে বা কেটে সংশ্লিষ্ট সামগ্রী জব্দ করা হতে পারে।

প্রতিমন্ত্রী আরও বলেন, অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি প্রধানমন্ত্রীর নজরেও আনা হয়। পরে দ্রুত তদন্ত করে প্রকৃত তথ্য প্রকাশ করা হয়েছে।

তিনি দাবি করেন, বিমানবন্দরের কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, চুরি বা লাগেজ ব্যবস্থাপনায় গাফিলতির প্রমাণ মেলেনি। এ ধরনের যাচাইবিহীন তথ্য প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে বলেও মন্তব্য করেন তিনি।

  • ‘১৫০ হাজীর লাগেজ কেটে চুরির অভিযোগ ভিত্তিহীন’— বিমান প্রতিমন্ত্রী