পল্লবীর ফ্ল্যাটে একা থাকা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজধানীর পল্লবী এলাকায় নিজ ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) রাতে পল্লবীর সেকশন-৬ এলাকার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সেলিনা আফরোজ দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
মো. হানিফ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে ভাতিজা আশফাকুর রহমানের সঙ্গে সর্বশেষ মোবাইল ফোনে কথা বলেন সেলিনা আফরোজ। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময়ে তার মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সেলিনা আফরোজ ছিলেন মরহুম খলিলুর রহমান ও আফিয়া রহমানের মেয়ে। পারিবারিকভাবে পাওয়া ফ্ল্যাটটিতে তিনি একাই বসবাস করতেন। তার স্বামী মোবিনুল হক এবং দুই সন্তান বর্তমানে কানাডায় বসবাস করছেন। পারিবারিক বিরোধের জেরে প্রায় ১২ বছর আগে তিনি দেশে ফিরে এসে একাকী জীবনযাপন শুরু করেন।
উল্লেখ্য, সম্প্রতি একই এলাকায় আরেক প্রবীণ নারীর গলিত মরদেহ উদ্ধারের ঘটনাও আলোচনার জন্ম দিয়েছিল। পরপর এমন ঘটনায় একা বসবাসকারী প্রবীণ ব্যক্তিদের নিরাপত্তা ও নিয়মিত খোঁজখবর রাখার বিষয়টি আবারও সামনে এসেছে।
