
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চোরাচালানকৃত বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ তিনজন চোরাকারবারিকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকাল ৯টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার একটি চৌকস টিম আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে একটি সিলভার রঙের মাইক্রোবাস আটক করে।
তল্লাশির সময় মাইক্রোবাস থেকে ৭৮৫টি বাক্সে রাখা ৭,৮৫০ প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার করা হয়, যার মোট শলাকার সংখ্যা ১,৫৭,০০০। পুলিশ জানায়, এসব সিগারেট শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা হয়েছিল।
অভিযানে তিনজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
১। মো. সামিউল ইসলাম প্রকাশ সুজন (২০), পিতা শাহিদুল ইসলাম, মাতা মনোয়ারা বেগম, সাং ইসলাম নগর।
২। মো. সাগর আলী (৪০), পিতা আব্দুল জব্বার, মাতা রাবেয়া খাতুন, সাং বড়উলিয়া।
উভয়েই আশুলিয়া, জেলা ঢাকা।
৩। মো. ফজলুল হক (৩২), পিতা মৃত খোরশেদ আলম, মাতা মৃত মর্জিনা আক্তার, সাং ১৮৫/৪/এ খিলগাঁও তিলপাড়া, থানা খিলগাঁও, ডিএমপি ঢাকা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
