মানিকগঞ্জে সাংবাদিকদের প্রশিক্ষণ: অপসাংবাদিকতা রোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান

লেখক: সুরেশ চন্দ্র রায়
প্রকাশ: ৬ মাস আগে
অপসাংবাদিকতা রোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান

গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা রক্ষা ও অপসাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে মানিকগঞ্জে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় জেলা সার্কিট হাউজ কনফারেন্স রুমে “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল। কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আব্দুল হাকিম। তিনি বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। এই দর্পণ যেন কখনো কলুষিত না হয়, তা নিশ্চিত করা সাংবাদিকদেরই দায়িত্ব।” তিনি সাংবাদিকদের পেশাগত নীতি, নিরপেক্ষতা ও নৈতিকতার প্রতি অনুগত থেকে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরামর্শ দেন।

বিশেষ অতিথির বক্তব্যে মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা: ইয়াছমিন খাতুন বলেন, “সঠিক তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশ করা যেমন অনৈতিক, তেমনি এটি সমাজে বিভ্রান্তি ছড়াতে পারে। তাই সাংবাদিকদের প্রতিটি সংবাদের উৎস যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”

কর্মশালায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো: আব্দুস সবুর রিসোর্স পার্সন হিসেবে সাংবাদিকতার নৈতিকতা, প্রেস কাউন্সিল আইন এবং অপসাংবাদিকতা রোধে কার্যকর কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মানোয়ার হোসেন মোল্লা। তিনি বলেন, “বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কেবল সমাজ নয়, রাষ্ট্রের উন্নয়নের জন্যও অপরিহার্য। প্রশাসন সাংবাদিকদের সঙ্গে মিলেমিশে উন্নয়নমূলক তথ্য জনগণের সামনে তুলে ধরতে আগ্রহী।”

কর্মশালার আয়োজনে ছিল বাংলাদেশ প্রেস কাউন্সিল, সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও জেলা প্রশাসন, মানিকগঞ্জ।

দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা মুক্তভাবে মতামত প্রকাশ, অভিজ্ঞতা বিনিময় এবং অপসাংবাদিকতা রোধে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।