গোপালগঞ্জে পৌর মিলনায়তনে ইউপি চেয়ারম্যানদের নিয়ে ২ দিন ব্যাপি গ্রাম আদালত প্রশিক্ষণ অনুষ্ঠিত

লেখক: লুৎফর সিকদার
প্রকাশ: ৫ মাস আগে

গোপালগঞ্জ জেলায় পৌর মিলনায়তনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে ২ দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

রবিবার ২৩ নভেম্বর প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: আরিফ-উজ-জামান।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, যারা এখানে উপস্থিত হয়েছেন তারা সকলেই গ্রাম আদালতের বিচারক। তাই আপনারা সাধারণ জনগণকে ন্যায় বিচার দেওয়ার ব্যাপারে আরও সচেতন হবেন।

একজন অসহায় মানুষ যেন বিনা বিচার ফিরে যেতে না হয়—সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, এই ২ দিনের প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের গ্রাম আদালত পরিচালনার দক্ষতা আরও বৃদ্ধি পাবে।↵↵

প্রশিক্ষণের কোর্স সমন্বয়কারী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জনাব বিশ্বজিত কুমার পাল বলেন, গ্রাম আদালত পরিচালনায় দক্ষতা বৃদ্ধির জন্যই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

কোন কোন মামলা গ্রাম আদালতে গ্রহণযোগ্য এবং কোনগুলো নয়—এ বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হবে।

গ্রাম আদালত আইন ২০০৬, সংশোধিত আইন ২০২৪ এবং বিধিমালা সম্পর্কেও অংশগ্রহণকারীরা পূর্ণাঙ্গ ধারণা পাবেন বলে তিনি জানান।

প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন ডিআরটি সদস্য মুহাম্মদ সরোয়ার হোসেন (অতিরিক্ত পুলিশ সুপার), জনাব শাহীদুল ইসলাম (উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর), এবং জনাব অসিত কুমার সাহা (উপপরিচালক, সমাজসেবা কার্যালয়, গোপালগঞ্জ)।

সার্বিক সহযোগিতায় ছিলেন রুনাল্ট চাকমা (সিনিয়র সহকারী কমিশনার, স্থানীয় সরকার শাখা, গোপালগঞ্জ) এবং মোঃ আলিউল হাসানাত খান (ডিস্ট্রিক্ট ম্যানেজার, এভিসিবি-৩ প্রকল্প)।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলার ২৮টি ইউনিয়নের চেয়ারম্যান প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।