
দীর্ঘ ১৭ বছর পর প্রিয় মাতৃভূমির মাটি ছুঁয়ে দেশের মুক্ত বাতাসে নিঃশ্বাস নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।
বিমান থেকে নেমে ভিআইপি লাউঞ্জে প্রবেশ করলে সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মী ও স্বজনদের ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। কিছু সময় সেখানে অবস্থানের পর ধীরে ধীরে বিমানবন্দরের বাইরে বেরিয়ে আসেন তিনি। আগে থেকেই প্রস্তুত রাখা বিশেষ গাড়িতে ওঠেন বিএনপির এই শীর্ষ নেতা।
এরপর বিমানবন্দর থেকে রাজধানীর পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) সংলগ্ন বিশাল গণসংবর্ধনা সমাবেশের উদ্দেশে রওনা হন তারেক রহমান। পথে রাস্তার দুপাশে অপেক্ষমাণ লাখো নেতাকর্মী ও সমর্থকের ভালোবাসা ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ফুলেল শুভেচ্ছা ও হাত নেড়ে অভিবাদনের মধ্য দিয়ে সংবর্ধনা মঞ্চের দিকে অগ্রসর হন তিনি।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, গণসংবর্ধনা গ্রহণ শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তাঁর মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। এরপর তিনি গুলশানের বাসভবনে ফিরবেন।
দলের কর্মসূচি অনুযায়ী, আগামীকাল শুক্রবার বাদ জুমা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে তারেক রহমানের দ্বিতীয় দিনের কর্মসূচি।
দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রাজধানীসহ বিভিন্ন এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয় তার আগমনকে ঘিরে।
