
জাপানের রাজধানী টোকিওর প্রধান মাছের বাজারে প্রতি বছর যে ঐতিহ্যবাহী নিলাম হয়, সেখানে চলতি বছর একটি বিশাল টুনা মাছ ৩২ লাখ মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯২ কোটি ৮৪ লাখ টাকা) বিক্রি হয়েছে। এই নিলামে টুনা মাছ কিনেছেন জাপানের স্বঘোষিত ‘টুনা মহারাজ’ ও চেইন রেস্টুরেন্ট সুশি জানমাই-এর মালিক কিয়োশি কিমুরা।
বিক্রিত টুনা মাছটির ওজন ছিল ২৪৩ কেজি (৫৩৬ পাউন্ড) এবং এটি ধরা পড়ে জাপানের উত্তরাঞ্চলের ওমা এলাকার উপকূলে, যা উৎকৃষ্ট মানের টুনা মাছ উৎপাদনের জন্য বিখ্যাত। ওই এলাকার প্রতি কেজি উন্নত জাতের টুনার বাজারমূল্য প্রায় ১৩,৩৬০ মার্কিন ডলার।
প্রথা অনুযায়ী নিলামটি শুরু হয় বিশেষ ঘণ্টা বাজিয়ে। কিমুরা বলেন, “আমি ভেবেছিলাম একটু কম দামে মাছটি কিনে নিতে পারব, কিন্তু নিমিষেই এর দাম বাড়তে থাকে। যে দামে মাছটি কিনতে হলো, তা আমাকে বিস্মিত করেছে। তবে আশা করছি, এই মর্যাদাপূর্ণ টুনা খেয়ে অসংখ্য মানুষ নতুন শক্তিতে বলিয়ান হবেন।”
১৯৯৯ সাল থেকে টোকিওর টুনা নিলামের তথ্য সংরক্ষণ শুরু হয়েছে। সে সময় থেকে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া টুনা। জাপানি মুদ্রায় এই টুনার মূল্যমান ৫১ কোটি ৩ লাখ ইয়েন। এর আগে ২০১৯ সালে ২৭৮ কেজি ওজনের ব্লুফিন টুনা ৩৩ কোটি ৩৬ লাখ ইয়েনে বিক্রি হয়েছিল। ২০২৪ সালে ২৭৬ কেজি ওজনের ব্লুফিন টুনা ২০ কোটি ৭০ লাখ ইয়েনে বিক্রি হয়েছিল।
এই নিলাম আগে টোকিওর সুকিজি এলাকায় হতো, কিন্তু ২০১৮ সালের পর আরও আধুনিক একটি স্থানে স্থানান্তর করা হয়েছে। করোনা মহামারির সময় রেস্টুরেন্ট কার্যক্রম সীমিত হওয়ায় টুনার বাজারে দাম অনেক কমে গিয়েছিল। তবে এবার কিমুরার টুনা রেকর্ড ভেঙেছে।
কিমুরা আরও জানান, “যখনই আমি একটি সুন্দর টুনা দেখি, নিজেকে সামলাতে পারি না। আমি এখনো এটিকে খাইনি, তবে নিশ্চিত যে এটি অত্যন্ত সুস্বাদু হবে।”
