রাজশাহীতে ৭ ডিগ্রি তাপমাত্রা, চলতি শীতে সর্বনিম্ন রেকর্ড

লেখক: Arisha Eme
প্রকাশ: ৩ মাস আগে
রাজশাহীতে ৭ ডিগ্রি তাপমাত্রা, চলতি শীতে সর্বনিম্ন রেকর্ড

চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে মঙ্গলবার (৬ জানুয়ারি)। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের উত্তরের জেলা রাজশাহীতে সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমের সর্বনিম্ন।

এর আগে গত ৩১ ডিসেম্বর গোপালগঞ্জে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল, যা তখন পর্যন্ত ছিল মৌসুমের সর্বনিম্ন। আজ রাজশাহীতে তাপমাত্রা আরও কমে ৭ ডিগ্রিতে নেমে আসে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা কিছুটা ওঠানামা করতে পারে। তবে চলতি মাসের ১০ বা ১১ তারিখের দিক থেকে তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কমে গেলেও রাজধানী ঢাকায় আজ তুলনামূলকভাবে তাপমাত্রা কিছুটা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বর্তমানে দেশের ১০টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো— রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা।

আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি শৈত্যপ্রবাহ, ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।

চলতি মাসের শুরুতে দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, জানুয়ারি মাসে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

  • চলতি শীতে সর্বনিম্ন রেকর্ড
  • রাজশাহীতে ৭ ডিগ্রি তাপমাত্রা