ভারতবিরোধী অবস্থানের জেরে কপিরাইট অভিযোগে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক আইডি ডিজেবল

লেখক: Arisha Eme
প্রকাশ: ৬ মাস আগে
ভারতবিরোধী অবস্থানের জেরে কপিরাইট অভিযোগে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক আইডি ডিজেবল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল অকার্যকর (ডিজেবল) করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

লাইভ ভিডিও বার্তায় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমার “হাসনাত আব্দুল্লাহ” নামের ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছুদিন আগে ডিজেবল করে দেওয়া হয়েছে। ভারতবিরোধী অবস্থান নেওয়ার পর আমার কিছু পোস্টের বিরুদ্ধে কপিরাইট ক্লেইম আনা হয়, যার মাধ্যমে শেষ পর্যন্ত আইডিটি বন্ধ করে দেওয়া হয়েছে।’

ব্যক্তিগত আইডি বন্ধ থাকায় গত কয়েক দিন ধরে ভক্ত ও সমর্থকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেননি বলেও জানান তিনি। এতে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে বলে উল্লেখ করেন এনসিপির এই নেতা।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ব্যক্তিগত প্রোফাইল অকার্যকর হয়ে যাওয়ায় এখন থেকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেই নিয়মিত সক্রিয় থাকবেন। আগে এই পেজটি মূলত অ্যাডমিনদের মাধ্যমে পরিচালিত হলেও এখন থেকে নিজেই সরাসরি যোগাযোগ রাখবেন বলে জানান তিনি।

সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমার বক্তব্য ও সংবাদগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা এই পেজটি শেয়ার করবেন।’

ভারতবিরোধী অবস্থানের কারণে পরিকল্পিতভাবে কপিরাইট অভিযোগ এনে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি অকার্যকর করা হয়েছে বলে তিনি মনে করছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া শুরু হয়েছে।

  • ভারতবিরোধী অবস্থানের জেরে কপিরাইট অভিযোগে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক আইডি ডিজেবল