শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ শুরু, ৪ দফা ঘোষণা

লেখক: Arisha Eme
প্রকাশ: ৪ মাস আগে
শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ শুরু, ৪ দফা ঘোষণা

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর শাহবাগ থেকে পথযাত্রা ‘মার্চ ফর ইনসাফ’ শুরু করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগের হাদি চত্বর থেকে এ কর্মসূচির সূচনা হয়।

ইনকিলাব মঞ্চের ঘোষিত চার দফা দাবি হলো—
১) হাদি হত্যার সঙ্গে জড়িত খুনি, পরিকল্পনাকারী ও সহযোগীদের আগামী ২৪ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা।
২) বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল করা।
৩) ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা।
৪) গোয়েন্দা সংস্থায় লুকিয়ে থাকা ফ্যাসিস্ট সহযোগীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা।

এর আগে সকাল ১০টার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে শাহবাগে জড়ো হতে থাকেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘রক্ত বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ চত্বর। পদযাত্রায় ১০টিরও বেশি পিকআপে নেতাকর্মীরা অংশ নেন।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, মিছিলটি শাহবাগ থেকে সায়েন্সল্যাব, মোহাম্মদপুর, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় পুনরায় শাহবাগে ফিরে সমাপনী সমাবেশের মাধ্যমে শেষ হবে। পথে ট্রাফিক পরিস্থিতি ও জনসমাগম বিবেচনায় কিছু এলাকায় পদযাত্রার গতি ধীর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রিকশায় করে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরবর্তীতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আরও উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির মাধ্যমে রাজপথে জনমত গড়ে তোলার ঘোষণা দিয়েছেন আয়োজকরা।

  • ৪ দফা ঘোষণা
  • শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ শুরু