পটুয়াখালীতে এলপিজি গ্যাসের তীব্র সংকট, অস্বস্তিতে সাধারণ গ্রাহকরা

লেখক: Arisha Eme
প্রকাশ: ৩ মাস আগে
পটুয়াখালীতে এলপিজি গ্যাসের তীব্র সংকট, অস্বস্তিতে সাধারণ গ্রাহকরা

পটুয়াখালীতে এলপিজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে বসুন্ধরা গ্রুপের এলপিজি গ্যাস একেবারেই পাওয়া যাচ্ছে না। অন্যান্য কোম্পানির গ্যাস সীমিত আকারে বাজারে থাকলেও দাম বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা।

বর্তমানে ১২ কেজি ওজনের একটি এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ টাকা থেকে ১ হাজার ৬০০ টাকা দরে। অথচ এর আগে একই সিলিন্ডার বিক্রি হতো প্রায় ১ হাজার ২০০ টাকায়। ফলে প্রতি সিলিন্ডারে গ্রাহকদের গুনতে হচ্ছে অতিরিক্ত ২০০ থেকে ৪০০ টাকা।

গত এক সপ্তাহ ধরে পটুয়াখালী শহরসহ আশপাশের উপজেলা ও উপকূলীয় এলাকায় এ সংকট বিরাজ করছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পর্যটন কেন্দ্র কুয়াকাটার হোটেল-মোটেল ব্যবসায়ীরা। পর্যটন মৌসুমে রান্নার জন্য প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় ব্যবসা পরিচালনায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

অন্যদিকে ডিলার ও খুচরা ব্যবসায়ীরা জানান, চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না পাওয়ায় তারা বেশি দামে গ্যাস কিনতে বাধ্য হচ্ছেন। ফলে বাধ্য হয়েই কিছুটা বেশি দামে গ্রাহকদের কাছে গ্যাস বিক্রি করতে হচ্ছে বলে দাবি তাদের।

এ বিষয়ে জেলা প্রশাসন জানিয়েছে, কেউ যদি কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে গ্যাস মজুদ করে রাখে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে তদারকি জোরদার করার কথাও জানানো হয়েছে।