পটিয়ায় নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন, এলডিপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে গেল জামায়াত

লেখক: Arisha Eme
প্রকাশ: ৩ মাস আগে
পটিয়ায় নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন, এলডিপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে গেল জামায়াত

চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে। ১১ দলীয় নির্বাচনী ঐক্য অক্ষুণ্ন রাখতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী এম এয়াকুব আলীকে সমর্থনের ঘোষণা দিয়ে ভোটের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. ফরিদুল আলম।

শনিবার গভীর রাতে নগরীর একটি নিজস্ব কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর জরুরি দায়িত্বশীল বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমির ও সংশ্লিষ্ট আসনের সমন্বয়ক অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ।

বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী ডা. ফরিদুল আলমের মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ারুল আলম চৌধুরী। তিনি জানান, কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবেই পটিয়া আসনে জোটের প্রার্থী হিসেবে এলডিপির এম এয়াকুব আলীকে সমর্থন জানানো হয়েছে।

তিনি আরও বলেন, এ সিদ্ধান্তের মূল লক্ষ্য জোটগত ঐক্যকে আরও সুসংহত করা এবং বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য অর্জনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া। কোনো ব্যক্তিগত বা দলীয় সংকীর্ণ স্বার্থ এতে প্রাধান্য পায়নি।

এই সিদ্ধান্তের পর পটিয়ার ভোটের মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। জোটের একক প্রার্থী হিসেবে এম এয়াকুব আলীর অবস্থান শক্তিশালী হওয়ায় নির্বাচনী প্রতিযোগিতা নতুন মাত্রা পাবে বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছের বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুসারেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং তৃণমূল পর্যায়েও তা বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক, মাওলানা আরিফুর রশীদ, আ ক ম ফরিদুল আলম, পটিয়া উপজেলা আমির জসিম উদ্দিন, কালারপুল সাংগঠনিক থানা আমির মাস্টার নাছির উদ্দিন, পটিয়া পৌরসভা আমির মাস্টার সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।