হাসিনা আপনাদের ফেলে ভারতে চলে গেছে, আমাদের বিপদে ফেলে গেছে: মির্জা ফখরুল

লেখক: Arisha Eme
প্রকাশ: ৩ মাস আগে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন পর দেশে আবার ভোটের সুযোগ তৈরি হয়েছে এবং এবারের নির্বাচন আগের নির্বাচনগুলোর চেয়ে ভিন্ন হতে যাচ্ছে। তিনি মন্তব্য করেন, আগে যেখানে ধানের শীষ ও নৌকার প্রতিদ্বন্দ্বিতা ছিল, এবার সেই নৌকা আর নেই।

সোমবার (২৬ জানুয়ারি) ঠাকুরগাঁও সদরের ২৯ মাইল এলাকার বিডি স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “নৌকার যিনি কাণ্ডারী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি দলীয় নেতাকর্মীদের ফেলে ভারতে চলে গেছেন। দিল্লিতে গিয়ে বসে আছেন। আমাদের বিপদে ফেলে গেছেন। শেখ হাসিনা থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলত।”

তিনি আরও অভিযোগ করে বলেন, এবারের নির্বাচনে একটি নতুন মার্কা সামনে এসেছে, যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল, তারাই এখন সরকার গঠনের স্বপ্ন দেখছে।

নির্বাচনী সভায় হিন্দু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, “এই দেশে কোনো সংখ্যালঘু নেই। সবাই বাংলাদেশি নাগরিক এবং সবার অধিকার সমান। কেউ ভয় পাবেন না। সাহস নিয়ে চলবেন। আমার ভাইয়েরা সব সময় আপনাদের পাশে থাকবে।” তিনি আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিকের অধিকার সমানভাবে রক্ষা করা হবে।

বিএনপির রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে মির্জা ফখরুল বলেন, “আমরা রাজনীতি করে ব্যবসা করি না। রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা।

তিনি আরও বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির প্রধান অঙ্গীকার।

স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, “আপনারা ভয় না পেয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবেন। নির্বাচনী সভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।