মনপুরার গণধর্ষণ মামলার প্রধান আসামি মাকসুদ গ্রেপ্তার

লেখক: Arisha Eme
প্রকাশ: ৩ মাস আগে
মনপুরার গণধর্ষণ মামলার প্রধান আসামি মাকসুদ গ্রেপ্তার

ভোলার মনপুরা থানায় সংঘটিত আলোচিত গণধর্ষণ মামলার প্রধান আসামি মো. মাকসুদুর রহমান ওরফে মাকসুদ (৩৩)–কে গ্রেপ্তার করেছে র‍্যাব। মামলার ১ নম্বর এজাহারনামীয় এই আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন।

র‍্যাব জানায়, মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে র‍্যাব–৮ (বরিশাল)–এর অধীন ভোলা ক্যাম্প এবং র‍্যাব–১১, সিপিসি–৩ (নোয়াখালী)–এর একটি যৌথ আভিযানিক দল অংশ নেয়।

গ্রেপ্তারকৃত মাকসুদুর রহমান ভোলা জেলার মনপুরা থানার চরগোয়ালিয়া গ্রামের বাসিন্দা। তিনি উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৩ নম্বর এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মোতালেব প্রামাণিক।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, গত ১৬ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে সংঘটিত গণধর্ষণের ঘটনায় মাকসুদ সরাসরি জড়িত ছিলেন। অপরাপর আসামিদের সহযোগিতায় এই নৃশংস ঘটনা সংঘটিত হয় বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। মামলার কয়েকজন আসামি এখনো পলাতক রয়েছে।

র‍্যাব আরও জানায়, নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ ধরনের গুরুতর অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, গণধর্ষণ মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। র‍্যাবের সহযোগিতায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তে নতুন করে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে।