ভোটের মাঠে নারীদের দাপট: ঢাকা-১৭ ও বগুড়া-৬ এ তারেক রহমানের পক্ষে ঘরে ঘরে প্রচারণা

লেখক: Arisha Eme
প্রকাশ: ৭ মাস আগে
শেষ মুহূর্তের প্রচারণায় নারীদের নেতৃত্ব: তারেক রহমানের দুই আসনে ঘরে ঘরে বিএনপির গণসংযোগ

নির্বাচনের আর কয়েকদিন বাকি। ফলাফল ঘরে তুলতে প্রচারণার শেষ সময়ে বিরামহীনভাবে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকেরা। এরই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের দুই আসন—ঢাকা-১৭ ও বগুড়া-৬—এ ব্যাপক গণসংযোগে নেমেছেন দলের নারী কর্মীরা।

ঢাকা-১৭ আসনে ধানের শীষে ভোট চেয়ে বাড়ি বাড়ি পোস্টার ও লিফলেট বিতরণ করছেন বীথিকা বিনতে হোসাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তি খান। এসব প্রচারণার ছবি বিএনপির মিডিয়া সেলে প্রকাশ করা হচ্ছে। এর আগে একই আসনে তারেক রহমানের পক্ষে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে শর্মিলা রহমান সিথীকেও।

অন্যদিকে বগুড়া-৬ আসনেও প্রচারণা থেমে নেই। কেন্দ্রীয় ছাত্রদলের ভেরিফায়েড পেজে জেলা ছাত্রদলের নেত্রী চিকিৎসক উম্মে হানি পৃথ্বীর নেতৃত্বে বাড়ি বাড়ি গণসংযোগের ছবি প্রকাশ করা হয়েছে। প্রচারণায় ভোটারদের বোঝানো হচ্ছে, ধানের শীষের প্রার্থী তারেক রহমান এ মাটির সন্তান এবং এখান থেকেই তিনি দেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে পারেন।

ভোট টানতে মাঠের সভা ও মিছিলের পাশাপাশি ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলার কৌশলকেই গুরুত্ব দিচ্ছেন বিএনপির নারী কর্মীরা। একাধিক প্রচারণা টিম দুই আসনেই সক্রিয়ভাবে কাজ করছে, যা ভোটারদের দৃষ্টি কেড়েছে।

উল্লেখ্য, ঢাকা-১৭ আসনে মোট ভোটার ৩,৩৩,৭৭৭ জন এবং বগুড়া-৬ আসনে ৪,৫৪,০৪৩ জন। এই বিপুল ভোটারের সমর্থন আদায় করতেই শেষ মুহূর্তে নারী কর্মীদের এই জোরালো মাঠপর্যায়ের প্রচারণা চালানো হচ্ছে।

 

  • শেষ মুহূর্তের প্রচারণায় নারীদের নেতৃত্ব: তারেক রহমানের দুই আসনে ঘরে ঘরে বিএনপির গণসংযোগ