
ভোটের প্রচারে অংশ নিতে উত্তরবঙ্গের তিন জেলায় সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা সাড়ে ১১টায় তিনি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। প্রায় ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে তার আগমন ঘিরে জেলা জুড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
এই সফরকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থল ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে এবং নিরাপত্তা ও ব্যবস্থাপনায় প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। দলীয় নেতাকর্মীদের আশা, এই সফরে দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং নির্বাচনী কার্যক্রমে নতুন গতি আসবে। সাধারণ মানুষের মধ্যেও তার আগমন নিয়ে উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা খাতে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে।
ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে দুপুর একটায় তিনি নীলফামারী পৌরসভার বড় মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন এবং পরে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় অংশ নেবেন।
