দেশকে বিপদগ্রস্ত করার ষড়যন্ত্র রুখতে হবে ১২ ফেব্রুয়ারি—নাহিদ ইসলাম
ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, একটি দল দেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট মাঠে ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বাড্ডা-রামপুরা এলাকা দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার হলেও জুলাই গণ-অভ্যুত্থানে এখানকার মানুষ প্রতিরোধ গড়ে তোলে। তিনি জানান, এই আসনের বহু মানুষ জীবন দিয়েছেন ও আহত হয়েছেন, আর সেই ত্যাগের ঋণ শোধ করার সময় এসেছে।
এলাকার উন্নয়ন না হওয়ার পেছনে ভূমি দখল ও রাজনৈতিক যোগসাজশকে দায়ী করে তিনি বলেন, গত তিন দশকে প্রভাবশালীরা খাস জমি ও জলাশয় দখল করে শত শত পরিবারকে নিঃস্ব করেছে। ভূমিদস্যুদের ঢাকা-১১ থেকে চিরতরে নির্মূলের অঙ্গীকার করে তিনি প্রতিশ্রুতি দেন, ভূমিহারাদের জমি ফেরত দেওয়া বা ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।
১২ ফেব্রুয়ারিকে নির্ণায়ক দিন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সেদিনের ভোটেই দেশকে দখলদারত্ব, আধিপত্য ও সন্ত্রাসমুক্ত করার লড়াইয়ে জয় নিশ্চিত করতে হবে।
