পাঁচ টাকার বিদ্যুৎ বিল নিয়ে বিরোধ, বড় ভাইয়ের মারধরে প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাত্র পাঁচ টাকা বিদ্যুৎ বিলের বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের মারধরের পর এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন (৩৫) উত্তর বদরপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত ছিলেন এবং সম্প্রতি ছুটিতে দেশে ফিরেছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে এসে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, শ্বশুরবাড়ির একটি বৈদ্যুতিক মিটার আলমগীর ও তার বড় ভাই খোরশেদ আলম যৌথভাবে ব্যবহার করতেন। প্রতি মাসে বিদ্যুৎ বিল দুজন ভাগাভাগি করে পরিশোধ করতেন। চলতি মাসের বিল পরিশোধের সময় আলমগীর পাঁচ টাকা কম দিয়েছেন—এ অভিযোগে শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, খোরশেদ আলম ও তার কয়েকজন সহযোগী আলমগীরকে মারধর করেন।
গুরুতর আহত অবস্থায় আলমগীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, প্রথমে বাড়িতে কথা-কাটাকাটির পর দোকানে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। উপস্থিত লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে খোরশেদ ঘটনাস্থল ত্যাগ করলেও আলমগীর দোকানে বসা ছিলেন। কয়েক মিনিট পর তিনি হঠাৎ ঢলে পড়ে যান। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, পরিবার থেকে এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
