
পবিত্র রমজানকে সামনে রেখে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে মাঠে নেমেছে চকরিয়া থানা পুলিশ। বিশেষ অভিযানে চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চকরিয়া পৌরশহর–এর বিভিন্ন শপিং মল ও বাজারে অভিযান চালানো হয়। অভিযানে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ কর্মকাণ্ডে সম্পৃক্ত চারজনকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন। তিনি জানান, রমজান মাসকে সামনে রেখে পৌরশহরের বিভিন্ন এলাকায় চুরি-ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় বিশেষ নজরদারি ও অভিযান শুরু করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন আব্দুল্লাহ, রাহাত হোসেন, মো. আরমান এবং মোহাম্মদ দিদারুল ইসলাম। তাদের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে রবিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ। এদিকে পুরো কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে, যাতে রমজান মাসে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড না ঘটে।
